মালয়েশিয়ার জলসীমার নিকটবর্তী দক্ষিণ চীন সাগরে ৬০ জন অভিবাসন প্রত্যাশীকে বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পর্যন্ত দুর্ঘটনায় প্রাণ হারানোদের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আরও ২৯ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। যদিও প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল কর্তৃপক্ষ।
বুধবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় ভোররাত সাড়ে ৪টার দিকে দেশটির জহুর রাজ্যের নিকটবর্তী দক্ষিণ চীন সাগরে ঘটনাটি ঘটে বলে মার্কিন মিডিয়া নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়।
মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, বুধবার ভোররাতের দিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জহুর প্রদেশের তানজুং বালাউ উপকূলের কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
মুখপাত্র নুরুল হিজাম জাকারিয়া বলেছিলেন, তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির একটি হেলিকপ্টার এবং দুটি নৌকা মোতায়েনের পর এদিন সকাল ৯টার কিছুক্ষণ আগে ২১ জনকে জীবিত অবস্থাতে উদ্ধার করা হয়।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নৌকাডুবির ঘটনার একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির কর্মীরা ডুবে যাওয়া নৌকাটি থেকে কয়েকজন অভিবাসীকে উদ্ধার করে নিয়ে আসছেন।
পরবর্তী সময়ে মালয় সেনাবাহিনীর তৃতীয় পদাতিক ডিভিশনের একজন মুখপাত্র জানান, দক্ষিণ চীন সাগরে ডুবে যাওয়া নৌকাটির সব আরোহী ইন্দোনেশিয়ার নাগরিক। এসব অভিবাসীরা সিঙ্গাপুর প্রণালীর সীমান্ত সংলগ্ন ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপ থেকে যাত্রা করেছিলেন।
বিশ্লেষকদের মতে, বাতাম নামে দ্বীপটির অবস্থান সিঙ্গাপুর এবং প্রতিবেশী মালয়েশিয়ার সীমান্তের কাছে। মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডব শুরুর আগে দ্বীপটির সঙ্গে নগর রাষ্ট্র সিঙ্গাপুরের ফেরি চলাচল সচল ছিল। যদিও ওই অঞ্চলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবির ঘটনা খুবই স্বাভাবিক একটি বিষয়। সেখানে প্রায়ই রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটে।
উল্লেখ্য, গেল কয়েক বছর যাবত মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হাজার হাজার রোহিঙ্গা মুসলিম ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারাও প্রায়ই সমুদ্র অতিক্রম করে মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা চালায়। অনেক সময় তাদের সেই যাত্রার সলিল সমাধির মাধ্যমে সমাপ্তি ঘটে। সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস